বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে বড় ধরনের বিপত্তিতে পড়ল স্পেন। টুর্নামেন্টের ফাইনালের আগের দিন নিজেদের শেষ প্রস্তুতি সেশনটি সম্পন্ন করতে চেয়েছিল দলটি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। শনিবার (১৮ জুলাই) বজ্রপাতের আশঙ্কায় স্পেনের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে।
নিউ জার্সির হুইপ্যানিতে স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়) স্প্যানিশদের অনুশীলনে নামার কথা ছিল। নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক অনুশীলন কেন্দ্র এবং এনডব্লিউএসএলের ক্লাব গথাম এফসির ভবিষ্যৎ ট্রেনিং কমপ্লেক্সে এই সেশনটি হওয়ার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রথমে অনুশীলন শুরুর সময় পিছিয়ে দেয়া হয়। পরবর্তীতে পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় পুরো সেশনটিই বাতিলের সিদ্ধান্ত নিতে হয়।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তার খাতিরে মাঠে উপস্থিত সংবাদকর্মীদেরও নির্ধারিত কর্মক্ষেত্রের ভবনের ভেতরে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। মাঠে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন, অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার নিয়ম রয়েছে। প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি মূল্যায়ন করা হয়।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই পুরো টুর্নামেন্টজুড়েই বজ্রঝড় সংক্রান্ত একই নিরাপত্তা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এর আগেও একই নিয়মের কারণে টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনতে হয়েছিল। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে স্পেন ও আর্জেন্টিনা।



