লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে রিয়াল মাদ্রিদ ও এর টিভি চ্যানেলকে নাৎসি জার্মানির কুখ্যাত প্রচারণামন্ত্রী জোসেফ গ্যোয়েবেলেসের কৌশলগত প্রচারণার সঙ্গে তুলনা করেন তেবাস। এই মন্তব্যকে ক্লাবটি ‘গভীরভাবে আপত্তিকর’ ও ‘নৈতিকভাবে ঘৃণ্য’ হিসেবে চিহ্নিত করেছে। ক্লাবটি কেবল লা লিগার শীর্ষ পদ নয়, বরং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সহ-সভাপতির পদ থেকেও তেবাসকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ তেবাসের এক দীর্ঘ পোস্টকে কেন্দ্র করে।
রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবলের দায়িত্বশীল পদে থেকে কোনোভাবেই রিয়াল মাদ্রিদ, এর পরিচালনা পর্ষদ ও রিয়াল মাদ্রিদ টিভিকে নাৎসি ব্যবস্থার সঙ্গে তুলনা করা গ্রহণযোগ্য নয়। তেবাসের এই মন্তব্য ফুটবলের নৈতিক অবস্থানকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। শুক্রবারের এই বিতর্কিত পোস্টের পর তেবাস পরবর্তীতে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে দাবি করেন যে, তিনি কোনো আদর্শ বা মতাদর্শের কথা বলেননি, বরং শুধুমাত্র প্রচারণার বিশেষ ‘কৌশল’-এর তুলনা করেছেন। তবে রিয়াল মাদ্রিদ তার এই সাফাই প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ ধরনের ব্যাখ্যা তার মন্তব্যের নীতিহীনতাকে বিন্দুমাত্র হ্রাস করে না। সেখানে তিনি লেখেন, ‘রিয়াল মাদ্রিদ টিভির নেতৃত্বে পরিচালনা পর্ষদ একটি প্রচারণা চালাচ্ছ। তাদের কৌশল হচ্ছে পছন্দের দৃশ্য বাছাই করা, ক্ষোভ উসকে দেয়া এবং শত্রুর দিকে আঙুল তোলা।





