সিরাজগঞ্জের কড্ডা এলাকায় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে শহীদ এম মনসুর আলী রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি বেলা ১১টার দিকে শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বর্তমানে লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করার জন্য কাজ চলছে। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।





