নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম বাবু (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় বাবুর নিজ বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। অভিযানে তার সঙ্গে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম বাবু গোদনাইল নয়াপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আটক অপর দুজন হলেন সোনারগাঁয়ের গিরদাইন এলাকার মো. শাহিন (২৭) এবং গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার মো. মেহেদী হাসান (২১)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি আগেও গ্রেফতার হয়েছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।





