সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানালেন বলিউড তারকা সালমান খান

প্রকাশ:

নিটসহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চলমান আন্দোলনের মধ্যে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে তার অনশন কর্মসূচি ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শুধু সোনমই নন, আন্দোলনরত শিক্ষার্থীদেরও বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বার্তায় সালমান খান সোনম ওয়াংচুককে উদ্দেশ্য করে বলেন, সোনম, যথেষ্ট হয়েছে ভাই। অনশন আর দীর্ঘায়িত করো না। ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয়, তবে সেই লড়াইয়ের শক্তি নিজের মধ্যে ধরে রেখো। যদিও আমার মনে হয়, আর তার প্রয়োজন হবে না। এখন কিছু খেয়ে নাও। চাইলে আমি তোমার জন্য বাড়ির রান্না করা খাবার পাঠিয়ে দিতে পারি।

লাদাখের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নিয়ে কাজ করা সমাজকর্মী সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন। মূলত প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছেন।

সালমান খান তার বার্তায় আরও বলেন, শিক্ষা এবং নিরাপত্তা—উভয় ক্ষেত্রেই দেশের শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তাই শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং তাদের অভিভাবকদেরও দুশ্চিন্তা করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই এই বিষয়ে টুইট করেছেন এবং প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন সালমান।

অভিনেতার ভাষ্যমতে, তার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তাই শিক্ষার্থীদের প্রতি তার বার্তা, তারা যেন এখন বাড়ি ফিরে যান এবং পরিবারের সঙ্গে সময় কাটান। এর আগেও সালমান খান শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি নিজের সমর্থন জানিয়েছিলেন।

শেয়ার করুন