টানা বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি এবং এর আশেপাশের সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই থেকে সাজেক ভ্রমণে যে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর ছিল, তা এখন থেকে আর বলবৎ থাকবে না। এর ফলে পর্যটকরা এখন থেকে আগের মতো সাজেক ভ্যালি ও বাঘাইছড়ির অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন। তবে বর্ষাকালীন সময়ে পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা সকল নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
দীর্ঘদিন ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটন শিল্প সংশ্লিষ্টরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে স্থবির হয়ে পড়া পর্যটন খাতে আবারও প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালীন সময়ে তাদের প্রতিষ্ঠানের প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।




