ইউক্রেনে আরো ৩ লাখ সেনা মোতায়েন করবে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশ:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, রাশিয়া নতুন করে অন্তত ৩ লাখ সেনা সমাবেশের প্রস্তুতি গ্রহণ করছে। তার মতে, আগামী সেপ্টেম্বরে রুশ পার্লামেন্ট নির্বাচনের পরপরই এই বড় আকারের সেনা সমাবেশ শুরু হতে পারে। জেলেনস্কির ভাষ্যমতে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে মস্কো বিপুলসংখ্যক নতুন সেনা নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। এমনকি ২০২৭ সাল নাগাদ রাশিয়া আরও প্রায় ৫ লাখ সেনা সংগ্রহের চেষ্টা করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

জেলেনস্কি আরও জানান, বর্তমানে রুশ বাহিনী দোনেৎস্কসহ পূর্ব ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ব্যাপক পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি সত্ত্বেও রুশ বাহিনী এখন পর্যন্ত বড় কোনো ভূখণ্ড দখলে সক্ষম হয়নি। এর পাশাপাশি রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়িয়ে তুলেছে। অন্যদিকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে বলে তিনি জানিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন শীত মৌসুমে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালাতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনের জন্য জরুরিভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে এ বিষয়ে ফ্রান্স ও জার্মানির সঙ্গে চুক্তির কথাও উল্লেখ করেছেন জেলেনস্কি। তবে রাশিয়ার পক্ষ থেকে ৩ লাখ সেনা সমাবেশের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।

শেয়ার করুন