কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

প্রকাশ:

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার দিবাগত রাত দেড়টা থেকে শুরু করে আজ রবিবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই দীর্ঘস্থায়ী হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়া এ সময় প্রায় ৪০টি ইস্কান্দার-এম এবং হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

রাত দেড়টার দিকে বিমান হামলার সতর্কসংকেত বাজার পরপরই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার শব্দের পাশাপাশি একাধিক জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। এক ঘণ্টার কম সময়েই কয়েক ডজন ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে ঐতিহাসিক কেন্দ্রস্থলের ঘরবাড়ি কেঁপে ওঠে এবং রাস্তায় থাকা গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। সকাল সাড়ে ছয়টার দিকে দ্বিতীয় দফায় আবারও সতর্কসংকেত দেওয়া হয়।

শেভচেঙ্কিভস্কি জেলার মধ্যাঞ্চলে একটি তিনতলা ভবনে আগুন ধরে গেলে উদ্ধারকর্মীরা সেখান থেকে কয়েকজনকে জীবিত এবং একজনের লাশ উদ্ধার করেন। এছাড়া সলোমিয়ানস্কি, দেসনিয়ানস্কি ও দিনিপ্রো জেলাসহ আরও চারটি এলাকায় আবাসিক ভবন, কার্যালয় ও একটি ছাত্রাবাসে আগুনের ঘটনা ঘটেছে। লুকিয়ানিভস্কা মেট্রোস্টেশনের নিচতলার প্রবেশপথের ছাদ বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় ধসে পড়েছে, যার ফলে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, হামলায় সাতজন আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার ছোড়া ১২৫টি ড্রোনের মধ্যে ১০৮টি ধ্বংস করতে সক্ষম হয়েছে। ভ্লাদ নামের একজন স্থানীয় বাসিন্দা জানান, বিস্ফোরণের সময় অ্যাপার্টমেন্টে থাকাকালীন বারান্দার দরজা ভেঙে তাঁর মাথায় আঘাত করে। তিনি বলেন, তার দাদি হাঁটতে অক্ষম হওয়ায় তাকে ফেলে আসা সম্ভব হয়নি।

২০২২ সালে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের শহরগুলোতে হামলা চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে কিয়েভের নিজস্ব ইন্টারসেপ্টরের মজুত ফুরিয়ে আসায় বিদেশি মিত্রদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের চাপ বাড়ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরির লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছে ইউক্রেন, যা বছরের শেষ নাগাদ উৎপাদন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন