রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়সীমা পিছিয়ে যাচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভে ত্রুটি দেখা দেওয়ায় এই বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জন তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়েছিল। সেই সময় চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বিভিন্ন ধাপ পেরিয়ে প্রকল্পটি ‘বি’ স্টেজ সম্পন্ন করেছে, কিন্তু দুটি সেফটি ভালভে সমস্যার কারণে ‘সি’ স্টেজে যাওয়া সম্ভব হচ্ছে না।
সেফটি ভালভের ত্রুটি মেরামত বা কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে, সে বিষয়ে মন্ত্রী কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি। তিনি বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। রাশিয়ার বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা করার পরই সমস্যার প্রকৃত কারণ জানা যাবে।
প্রকল্পের ডিজাইনারের মূল্যায়ন অনুযায়ী, ভালভ দুটি পুরোপুরি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে দুটি বিকল্প ভাবা হচ্ছে—প্রথমটি হলো দ্বিতীয় ইউনিটের জন্য বরাদ্দ থাকা ভালভ প্রথম ইউনিটে ব্যবহার করা, অথবা রুশ ভেন্ডরকে দ্রুত নতুন ভালভ সরবরাহের অনুরোধ জানানো। মন্ত্রী জানিয়েছেন, দ্রুত এবং সময়োপযোগী বিকল্পটিই বেছে নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরও অব্যবহৃত ডেটা গ্রাহক যাতে ব্যবহার করতে পারেন, সে বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনার কথাও জানান ফকির মাহবুব আনাম। ডেটার মেয়াদ শেষ হওয়ার পর আরও এক-দুই দিন ব্যবহারের সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা উপস্থিত ছিলেন।





