রোহিঙ্গা ক্যাম্পে সার্জিও গোর, প্রত্যাবাসনের আকুতি জানালেন বাস্তুচ্যুতরা

প্রকাশ:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এসে বাস্তুচ্যুত মানুষের দীর্ঘদিনের প্রত্যাবাসনের তীব্র আকুতি প্রত্যক্ষ করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের সময় মার্কিন এ দূতের গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের দাবি তুলে ধরেন রোহিঙ্গারা।

শান্তিপূর্ণ এ কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গারা তাদের হাতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডগুলোতে ইংরেজিতে লেখা ছিল, ‘ইউ হ্যাভ ইয়োর হোম! উই মিস আওয়ার হোম’। এর মাধ্যমে তারা নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন, নাগরিক অধিকার এবং মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কিন বিশেষ দূতের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা আগে থেকেই তাদের দাবিগুলো তুলে ধরার প্রস্তুতি নিয়েছিলেন। গাড়িবহর ক্যাম্পের বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

সফরকালে সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সরজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্যাম্পে চলমান শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন এই বিশেষ দূত।

শেয়ার করুন