বগুড়ায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশ:

বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে এবং তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুস সালাম প্রাণ হারান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের বিভিন্ন মালামাল মহাসড়কের চারদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ১টি কাভার্ডভ্যানসহ গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন