অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত সহকর্মী

প্রকাশ:

যশোরের অভয়নগরে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তারেক মল্লিক (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে শংকরপাশা জামে মসজিদের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতের সহকর্মী শান্ত ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন।

নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের বাচ্চু মল্লিকের ছেলে এবং আহত শান্ত ইসলাম শংকরপাশা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তারা দুজনেই নওয়াপাড়া বাজারের একটি সার ও কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি নেতা মরহুম ইদ্রিস মোল্যার জানাজা শেষে তারা মোটরসাইকেলে করে শংকরপাশা খেয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। শংকরপাশা জামে মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারেক মল্লিকের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় আহত শান্ত ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন