জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রকাশ:

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৭ দিনে দেশে মোট ২ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত আসা এই অর্থের পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ৭৯৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের এই ২৭ দিনে প্রবাসী আয় বেড়েছে ৪২ কোটি ৫০ লাখ ডলার বা ২০ দশমিক ২ শতাংশ। গত অর্থবছরের জুলাই মাসের ২৭ দিনে এই আয় ছিল ২০৯ কোটি ৯০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর মাসজুড়ে ধারাবাহিকভাবে এই প্রবাহ অব্যাহত থাকায় ২১ দিনের মাথায় তা ২০৯ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছায় এবং ২৭ দিনে তা ২৫২ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়।

রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। যদিও গত সপ্তাহে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, যা থেকে কিছুটা কমেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন প্রণোদনা ও উদ্যোগের কারণে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে মোট ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

শেয়ার করুন