বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা কিংবা পরীক্ষাকেন্দ্রে সমস্যার সম্মুখীন হওয়া শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাস প্রদান করেন।
শিক্ষামন্ত্রী জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার কারণে পরীক্ষা গ্রহণে সমস্যা হয়েছে, সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপ প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সুবিধার্থে পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে, যা ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কার্যকর করা হয়েছে। বর্ষা মৌসুমে পরীক্ষা নির্বিঘ্ন রাখতে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে তিনি উল্লেখ করেন। কোনো কেন্দ্রে পানি উঠলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের জন্য স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে, যেখানে মাঠ তলিয়ে যাওয়ায় দ্রুত কেন্দ্র পরিবর্তন করে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে এবং এর জন্য পর্যাপ্ত প্রশ্নপত্র সংরক্ষিত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, তোমাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তোমরা পড়াশোনায় মনোযোগ দাও। যেখানে প্রয়োজন হবে, সেখানে পুনঃপরীক্ষা নেওয়ার বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




