রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল এবং তার পরিবারের সদস্যদের চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করা এবং দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের লক্ষ্যেই তদন্তকারী সংস্থা পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি মামলার সমস্ত নথিপত্র এবং তথ্য-উপাত্ত মহানগর গোয়েন্দা বিভাগের নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিনাত আলীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এখন থেকে ডিবি পুলিশ এই আলোচিত মামলার তদন্তের কাজ নতুন করে শুরু করবে।
এর আগে, গত ২৩ আগস্ট বিকেলে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ ওই রাতেই আদালতে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার আগের তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি। স্বেচ্ছায় জবানবন্দি দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাদের আদালতে হাজির করা হয়েছিল।





