রামুতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ:

কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্টের সিগন্যাল অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ আটক করে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুল এলাকায় রামু-মরিচ্যা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সোহেল (২৭)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কের পাকা রাস্তা থেকে সেটি আটক করে।

গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িচালক মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ এবং একটি বাটন মোবাইল ফোন। ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন