রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ:

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি এখন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত এবং মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানির কার্যক্রম শেষ হওয়ার পরপরই রামিসা হত্যা মামলার শুনানির কার্যক্রম শুরু হবে।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মামলাটিতে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার প্রেক্ষিতে, গত ২৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ মে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ শেষে হত্যা করেন। এই অপরাধমূলক কর্মকাণ্ডে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে পূর্ণ সহায়তা করেছিলেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন উভয় আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই দুই আসামি কনডেম সেলে রয়েছেন এবং সেখান থেকেই তারা এই রায়ের বিরুদ্ধে জেল আপিল করেছেন।

শেয়ার করুন