টঙ্গীর কুখ্যাত ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

প্রকাশ:

গাজীপুরের টঙ্গীতে মাদকের হটস্পট হিসেবে কুখ্যাত ‘হাজির মাজার বস্তি’তে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর-সংলগ্ন এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে পে-লোডার ও এস্কেভেটরসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

অভিযানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি বড় দল মোতায়েন করা হয়েছিল। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে রাজউক কর্মকর্তাদের নিরাপত্তা সহায়তা প্রদান করে।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, এই বস্তিটি মাদক কেনাবেচার অন্যতম বড় কেন্দ্রস্থল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতে বিভিন্ন সময়ে এখানে অভিযান পরিচালনা করলেও মাদক কারবার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাজউকের নিজস্ব জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনায় মাদকের পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলত।

রাজউক ও পুলিশ কর্মকর্তারা জানান, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি মাদকের বিস্তার রোধেও এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে যাতে উচ্ছেদ করা জায়গায় পুনরায় কোনো অবৈধ স্থাপনা বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি বজায় রাখা হবে। এছাড়া সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং এসব ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে রাজউকের এই অভিযান অব্যাহত থাকবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন