১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক ভাবা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

রাজনৈতিক স্বার্থে কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে ধরে নেওয়া উচিত নয় বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জোর দিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিজস্ব বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

অতীতের বিভিন্ন সময় ধর্মীয় পরিচযকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈষম্যহীনভাবে সব নাগরিকের স্বাধীনতা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে নিজ নিজ উৎসব পালন করতে পারেন, সেটাই রাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে পূজা উদযাপনের সময় প্রতি বছর নিরাপত্তার বিষয়টিকে প্রধান আলোচনায় আনতে হওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে বনানী পূজামণ্ডপের দেশীয় সংস্কৃতি, নকশা ও উপকরণের চমৎকার সমন্বয়ে নির্মিত সাজসজ্জার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া কানাডা, যুক্তরাজ্য, নরওয়ে, সুইজারল্যান্ড এবং নেপালের কূটনৈতিক প্রতিনিধিরাও এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন