দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকার আভাস

প্রকাশ:

টানা কয়েকদিন ধরে সারা দেশে যে বৃষ্টিপাত চলছে, তা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য স্থানে মোটামুটি সক্রিয় অবস্থায় আছে।

আগামী ২৩ ও ২৪ জুলাই (বৃহস্পতি ও শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই দুই দিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা সামান্য কমলেও শুক্রবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর রোববার (২৬ জুলাই) পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন