পাবনায় বিদেশি রিভলবার ও কার্তুজসহ গ্রেপ্তার ১

প্রকাশ:

পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড কার্তুজসহ মো. ফরিদ উদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিপিসি-২ পাবনা। গ্রেপ্তারকৃত ফরিদ উদ্দিন পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ জুলাই) ভোর ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। র‍্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে বাহিনীর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযানটি পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা বিদেশি রিভলবার ও দুই রাউন্ড কার্তুজসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা জানিয়েছে, তাদের এই ধরনের অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক এবং অবৈধ অস্ত্র সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব।

শেয়ার করুন