তামাদি মওকুফের সুযোগ শেখ হাসিনা নিতে পারবেন না: প্রসিকিউটর তামীম

প্রকাশ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক থাকা অবস্থায় বিচার প্রক্রিয়া সম্পর্কে না জানার অজুহাতে তামাদি মওকুফের কোনো সুযোগ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, পলাতক আসামিরা সাধারণত ফিরে এসে দাবি করেন যে তারা বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতেন না এবং এ কারণে তারা বিলম্বে আবেদন বা 'ডিলে কনডোন' করার সুযোগ চান। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এই সুযোগ পাওয়ার কোনো অবকাশ নেই। কারণ, তিনি মামলার বিষয়ে অবগত আছেন এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য প্রদান ও মামলার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, 'যেহেতু তাঁরা অলরেডি মামলার কথা জেনে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন, তাই ট্রাইব্যুনালে এসে এই সুযোগটা আর নিতে পারবেন না।'

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

বন্দী প্রত্যর্পণ চুক্তি প্রসঙ্গে প্রসিকিউটর গাজী মোনাওয়ার জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের এ সংক্রান্ত সুস্পষ্ট চুক্তি রয়েছে। এই চুক্তির আলোকে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা দণ্ডাদেশ আছে, তাদের প্রত্যর্পণ করা সম্ভব। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনাকে ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনো শর্ত দেখানোর সুযোগ নেই।

শেয়ার করুন