শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ:

আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং দলগত মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন এ কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, এই প্রতিযোগিতা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন হিসেবে গণ্য হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা, যোগ্যতা ও প্রতিভার পরিচয় দেওয়ার সমান সুযোগ লাভ করবে। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকে প্রতিযোগিতার প্রশাসনিক সমন্বয়, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচারণা এবং সার্বিক প্রস্তুতির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ছেলে ও মেয়ে উভয় বিভাগে পৃথক দল গঠনের সুযোগ পাবে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রতিযোগিতাটিকে ঘিরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

সভা শেষে মাহ্দী আমিন সংবাদ সম্মেলনে জানান, এই আয়োজনের মূল লক্ষ্য সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে।

শেয়ার করুন