বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল এলাকা ঘুরে দেখেন এবং সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতির খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও তা প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাঁকে প্রতিরক্ষাব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

মহড়াস্থলে উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে মিশে যান প্রধানমন্ত্রী। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সদস্যদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করেন। একপর্যায়ে তিনি সেনাসদস্যদের সাথে মাটিতে বসে তাঁদের প্রশিক্ষণ, দায়িত্ব এবং মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতার কথা শোনেন। নিজের শৈশবের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে একটি সেনা পরিবারে বড় হয়েছেন, তাই সেনাসদস্যদের সান্নিধ্যে এলে তিনি শৈশবে ফিরে যাওয়ার মতো আনন্দ অনুভব করেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশ্যে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সবসময় সাহসিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, সেনাসদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের মানুষের মনে বিশেষ মর্যাদা তৈরি করেছে। এই মর্যাদা সমুন্নত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে। সেনাবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন