প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৫ জুলাই) ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে এসব প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক অন্তর্ভুক্ত ছিল। এই আয়োজনে দেশের স্কুল পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরই আজ পদক প্রদান করা হবে।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠদের এই সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হবে। অনুষ্ঠানে বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং’-সহ বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হবে।





