প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। এছাড়া বিশ্ব নেতাদের সঙ্গে তার একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। তবে সাইডলাইনে বিভিন্ন বৈঠক হবে, যার সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে নেওয়া হয়। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বৈঠকের বিষয়ে চূড়ান্ত তথ্য জানানো হবে।
সফরে রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে প্রতিমন্ত্রী জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে এই ইস্যুটি বড় গুরুত্ব পাবে।





