ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

প্রকাশ:

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জমির উদ্দিন সরকার সততা ও প্রজ্ঞার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন।

জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও দমন-পীড়নের মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে মরহুমের বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান বিএনপির ইতিহাসে এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক ও সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। তার আদর্শ ও সততা আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানিয়েছেন এবং তার আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন