পোশাক শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধানে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন। এসময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন।

বিজিএমইএর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের সমস্যাগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত, তাই সবকিছু সমাধানে কিছুটা সময় লাগবে। তবে যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সরকার সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সরকার ইতোমধ্যে এ সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা জরুরি। অবকাঠামোগত উন্নয়ন হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে। তিনি বিজিএমইএ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, এ শিল্পের বিকাশে যা যা করা দরকার সরকার তা করবে; জনগণের ও ব্যবসায়ীদের সমস্যার সমাধান করতেই এই সরকার দায়িত্ব নিয়েছে।

বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন