গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বাটাজোর ইউনিয়নের নবনির্মিত সরিকল-বাটাজোর খালের পাড়ে পৌঁছে তিনি এই কার্যক্রমে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানালে প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তিনিও একটি গাছের চারা রোপণ করেন। কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। আজ মোট আড়াই হাজার গাছের চারা লাগানো হচ্ছে এবং রোপণ করা প্রতিটি গাছের যথাযথ যত্ন নেওয়া সবার দায়িত্ব। তিনি আরও বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন পরম মমতায় যত্ন নেওয়া হয়, তেমনি প্রতিটি চারা গাছকেও প্রতিদিন যত্ন করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন, যেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।

গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে তিনি দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ করবেন। এই পর্যায়ে তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন এবং খালপাড়ে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করবেন।

দিনের শেষভাগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। উক্ত সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

আজ সোমবার সকালে বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।এর আগে সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন