সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের আগামী দিনের উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি বালিকাদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বক্তব্য রাখেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মীর হেলাল, সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিশুরা নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারলেই ভবিষ্যতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, গ্যালারিতে বসে থাকা এই শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, সুইমার ও টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে। তিনি শিশুদের নিজেদের ছোট না ভেবে শক্তভাবে গড়ে ওঠার পরামর্শ দেন এবং বলেন, তারা যত শক্তভাবে নিজেদের গড়ে তুলবে, বাংলাদেশ তত সুন্দর হবে।
মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই ইভেন্টটি বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কর্তৃপক্ষ ও সম্পাদকদের কাছে অনুরোধ করেন যাতে এই ধরনের ইভেন্টগুলোকে গুরুত্বের সাথে প্রচার করা হয়। তিনি স্বীকার করেন যে দেশে বিভিন্ন সমস্যা রয়েছে এবং অনেক স্কুলের অবকাঠামোগত সংকট আছে, তবে সরকার সেগুলো সমাধানে কাজ করছে। গ্যালারিতে উপস্থিত হাজার হাজার কিশোর-কিশোরীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, কে কে বাংলাদেশকে গড়ে তুলতে কাজ করবে? তখন সবাই হাত তুলে সম্মতি জানায়, যার জন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।
পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ আমাদের সবার। রাস্তাঘাটে বা বাসার আশেপাশে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি শিশুদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, পড়ালেখা, গান, ছবি আঁকা বা খেলাধুলা—সব ক্ষেত্রেই শিশুদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার বদ্ধপরিকর।
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতার ফুটবলে বালকদের বিভাগে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে সিলেট অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন। গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে এই স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল, যেখানে জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নিয়েছে।





