আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বাংলাদেশ সরকার। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। তিনি বলেন, 'ব্রিকসে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমসটেক-কে। এই পার্থক্যটা আপনারা বোঝবার চেষ্টা করেন।'
তিনি আরও উল্লেখ করেন, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণের বিষয়টি সরকার খতিয়ে দেখছে। তবে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এ বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। উল্লেখ্য, ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে অংশ নেওয়ার জন্য আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।





