দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানোর জরুরি নির্দেশনা

প্রকাশ:

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণের জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যা স্বাক্ষর করেছেন সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।

আগামী ১৫ জুলাই (বুধবার) রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সরকারপ্রধানের সেই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে একই দিনে ও নির্ধারিত সময়ে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে রোপণ করা পাঁচটি গাছের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের সমন্বয় রাখতে বলা হয়েছে। অধিদপ্তর এই উদ্যোগটিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া নিজ নিজ আওতাধীন বিদ্যালয়গুলোতে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব বিভাগীয় উপ-পরিচালককে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখা। একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

শেয়ার করুন