জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রোববার (২ আগস্ট) গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রোববার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ বিভ্রাটের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বটতলা, গোহাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংকপাড়া, হীরাবাড়ি, মোহাম্মদপাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড।
ওজোপাডিকো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের এ বিষয়ে অবহিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যে মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হবে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো এবং রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময়সূচীতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি মোবাইল ফোন, ল্যাপটপসহ জরুরি বৈদ্যুতিক যন্ত্রপাতি আগেভাগেই চার্জ দিয়ে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।





