ষড়যন্ত্র মোকাবিলায় দলকে ঐক্যবদ্ধ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

দেশের বাইরে থেকে ষড়যন্ত্রকারী পতিত শক্তি এবং অভ্যন্তরের বিভ্রান্তি সৃষ্টিকারী গোষ্ঠী মোকাবিলায় বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে চট্টগ্রামের একটি ৫ তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির প্রায় ৭০০ নেতার সঙ্গে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলা এই বৈঠকে প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন, কর্মীদের আচার-আচরণই দলের পরিচয়। তিনি বলেন, দলের প্রতিটি কর্মীর আচরণ এবং অবদানই বিএনপির সামগ্রিক শক্তির যোগফল, কারণ তারা বিএনপির প্রতিনিধিত্ব করেন।

প্রধানমন্ত্রী দলের নেতাদের সেবক হওয়ার মানসিকতা বজায় রাখার পরামর্শ দিয়ে বলেন, জনগণের সেবা করার মানসিকতা, মানুষের উপকারে ইতিবাচক থাকা এবং দলীয় কর্মকাণ্ডে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখলে দলের হাত শক্তিশালী হবে, যা সরকারের শক্তিকেও বৃদ্ধি করবে।

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নিষ্ক্রিয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করা এবং মেয়াদ উত্তীর্ণ কমিটির সংগঠনগুলোকে নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ দেন তিনি। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যও দলীয় নেতাদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন