দেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ:

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে সোমবার (১৩ জুলাই) এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক’দিন আগেই আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এদেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এখন সময় এসেছে সবার মিলেমিশে দেশের জন্য কাজ করার। মুক্তিযুদ্ধের সময় যেমন সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছিল, ঠিক একইভাবে দেশের উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা কেবল সরকার বা সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়। আমাদের ঘরবাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ ও হাসপাতালের আশপাশের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। তিনি বিশেষ করে সাগরদী খালের পরিচ্ছন্নতার ওপর জোর দিয়ে বলেন, খালের দুপাশে বসবাসকারী মানুষকে এই খালের যত্ন নিতে হবে। খালের পানিতে প্লাস্টিকের বোতল বা পলিথিন না ফেলার জন্য তিনি উপস্থিত সবার প্রতি অনুরোধ জানান।

সিটি করপোরেশনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বাসা-বাড়ির সুয়ারেজ লাইনের সংযোগ সরাসরি খালে না দিয়ে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে ময়লা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, যাতে পরিবেশ দূষিত না হয়। নিজের এলাকা পরিষ্কার না রাখলে তার ভুক্তভোগী আমাদেরই হতে হবে বলে তিনি সতর্ক করেন। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন।

শেয়ার করুন