গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হওয়ার ফলে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে তিনি এই সহযোগিতা প্রত্যাশা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছিলেন। মঙ্গলবার মালয়েশিয়ায় সেই চিঠি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। চিঠিতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের বর্তমান ব্যবধান কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।

ফোনালাপের বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশকে কীভাবে দ্রুত সহযোগিতা করা যায়, তা জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাৎক্ষণিক কোনো সমাধানের সুযোগ আছে কি না তা তারা খতিয়ে দেখবেন। যদি তাৎক্ষণিক সমাধান সম্ভব না হয়, তবে অন্য কোন উপায়ে সহযোগিতা করা যায়, সেটিও তারা জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ আগে থেকেই মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ নিয়ে কাজ করছে। এলএনজি সরবরাহের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ কিংবা সম্পদ ভাগাভাগির মাধ্যমে মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা করতে পারে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন