বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

সারা দেশে নতুন করে বাড়তি অবকাঠামো নির্মাণ না করে বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার (১৪ আগস্ট) ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ‘দ্য স্পোর্টিভা’র উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, গত ১২ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে, বিদ্যমান অবকাঠামোগুলো স্বয়ংসম্পূর্ণ করার পর যদি প্রয়োজন হয়, কেবল তখনই নতুন করে ক্রীড়া অবকাঠামো তৈরি করা যাবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ ব্যয়বহুল হওয়ায় নির্ধারিত ৮ বিঘার চেয়ে ছোট জমি পাওয়া গেলেও মাঠ প্রস্তুতের উদ্যোগ নিতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

ময়মনসিংহকে নারী ক্রীড়াবিদ তৈরির উর্বর ক্ষেত্র হিসেবে উল্লেখ করে ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েদের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, শিগগিরই প্রধানমন্ত্রী তার বাসভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল, নারী হকি দল, ক্রিকেট দল এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ পুরস্কারপ্রাপ্ত কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে, সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় প্রধানমন্ত্রী প্রথম আসরটি উদ্বোধন করেছিলেন, যা গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। বর্তমানে ১০টি ইভেন্ট সামনে রেখে দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

শেয়ার করুন