প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ২০। রংপুরের পীরগাছা উপজেলার উত্তর চন্ডিপুর এলাকায় রাতের আঁধারে একটি ফলন্ত পেঁপে বাগানের প্রায় ৪১০টি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাগানের মালিক কৃষক শফিকুল ইসলাম প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতির দাবি করেছেন। তিনি মৃত বাছের উদ্দিনের ছেলে।
জানা গেছে, প্রায় এক বছর আগে ৪৪ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করেছিলেন শফিকুল ইসলাম। দীর্ঘদিনের পরিচর্যার পর গাছগুলোতে ফলন আসায় তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে একে একে ৪১০টি গাছ কেটে ফেলে। বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম বলেন, “আমার স্বপ্নের বাগানের ৪১০টি গাছ এক রাতের মধ্যেই শেষ করে দিল দুর্বৃত্তরা। এতে আমার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, বাগানটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল এবং ফলন আসায় দ্রুত আয় শুরু করার অপেক্ষায় ছিলেন। কিন্তু দুর্বৃত্তদের এই কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
ঘটনার পরপরই ন্যায়বিচার চেয়ে কৃষক শফিকুল ইসলাম পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





