পটুয়াখালীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে জামায়াত নেতা পলাতক

প্রকাশ:

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শহিদুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের আবুল কালামের ছেলে এবং তিনি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জামায়াত নেতা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক শিরিন নিলা অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাতে বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর ওই নারী তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এই সুযোগে শহিদুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিতে শুরু করেন। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং তার বোন দিয়ে দেখাশোনা করানোর কথা বলে গত ২৪ মার্চ সকালে ওই নারীকে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কের একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হলে গত ১৮ মে চিকিৎসক দেখানোর কথা বলে তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জোরপূর্বক ওষুধ খাওয়ানো হয় এবং পরদিন জ্ঞান ফেরার পর তিনি জানতে পারেন যে তার গর্ভের সন্তান নষ্ট করা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান জানান, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে এখনই মন্তব্য করা সমীচীন নয়। তিনি আরও বলেন, আদালত অভিযোগের সত্যতা যাচাই করবেন এবং দোষী প্রমাণিত হলে দলীয় ফোরামে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, আদালতের আদেশের মূল কপি এখনো তাদের হাতে পৌঁছায়নি। কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন