১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদে আরও ১০ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি গঠন

প্রকাশ:

জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম এই কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। নবগঠিত এসব কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি, বিভিন্ন নীতি ও কর্মসূচি পর্যালোচনা এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

কমিটিগুলোতে সভাপতি ও সদস্য হিসেবে বিভিন্ন সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মোসাম্মৎ শামীমা সুলতানা, মোহাম্মদ গোলাম রসূল ও মোহাম্মদ রায়হান সাঈদী। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া। কমিটিতে রয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান ও আতিকুর রহমান মুজাহিদ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রকিবুল ইসলাম। কমিটিতে রয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। কমিটিতে রয়েছেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মাছুম মোস্তফা ও মোহাম্মদ আবু তালিব।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কলিম উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে রয়েছেন মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ ও হানজালা ওবায়দুল্লাহ সালাফী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. আমানউল্লাহ আমান। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবু, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হুইপ মোহাম্মদ জি কে গউছকে। কমিটিতে রয়েছেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম ও মো. আবুল কালাম আজাদ। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নাসের রহমান। কমিটিতে রয়েছেন মন্ত্রী মিজানুর রহমান মিনু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেশ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম জামাল। সদস্য হিসেবে রয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মোহাম্মদ শামীম কায়সার, আতাউর রহমান খান, নূরুল আমিন, নিপুণ রায় চৌধুরী, সুবর্ণা সিকদার, মো. নূরুল আমিন, মো. আবুল হাসান ও মো. আব্দুল খালেক। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সেলিমা রহমান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা ও বিলকিস বেগম।

শেয়ার করুন