দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ৩৫টি কার্টুন থেকে মোট ১৫ হাজার ৫৭৬ বোতল সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর মহল্লায় অবস্থিত কুরিয়ার সার্ভিসের ওই অফিসে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। অবৈধ ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ এবং পরিবহনের অভিযোগে এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন করতোয়া কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার কর্মী লাভলু হোসেন মানিক (৪০), ওমর ফারুক সরকার (৪৩) এবং হাসান আলী (৫৮)।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে রোববার দিবাগত রাতে পার্বতীপুর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
দিনাজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর (পিপিএম) সোমবার দুপুরে জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের যোগসাজশে সরকারি লাইসেন্স ও অনুমোদন ছাড়া দেশের বিভিন্ন স্থানে অধিক মুনাফার আশায় এসব নিষিদ্ধ সিরাপ বিক্রি করে আসছিলেন। তিনি আরও জানান, অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের মজুত রোধে তাদের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





