পানামা খাল পার হতে রেকর্ড ৫৩ লাখ ডলার দিল ট্যাংকার

প্রকাশ:

পানামা খাল দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে জাহাজ পার করার জন্য রেকর্ড ৫৩ লাখ ডলার মাসুল দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসকে গ্যাস। তাদের জি স্পিরিট নামের এলপিজি বহনকারী ট্যাংকারটি ১ সেপ্টেম্বর খালটি অতিক্রম করার জন্য এই বিপুল অর্থ প্রদান করে। পানামা খালের উপ-প্রশাসক ইলিয়া এসপিনো দে মারোত্তা বৃহস্পতিবার এএফপির কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই রেকর্ড মাসুল প্রদানের মাত্র দুই দিন পরই পানামা খাল কর্তৃপক্ষ এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর করবে। মধ্য আমেরিকার দেশ পানামা সম্প্রতি তীব্র খরার কারণে খালটির পানির স্তর কমে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এল নিনো এমন একটি আবহাওয়াগত পরিস্থিতি, যার ফলে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পানির উপরিভাগের তাপমাত্রা বেড়ে যায় এবং বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনে অনিয়ম দেখা দেয়। এছাড়া এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে এবং চলতি বছর রেকর্ডের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

সাধারণ নিয়ম অনুযায়ী, পানামা খাল দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগেভাগে যাত্রার সময় নির্ধারণ করে বুকিং করতে হয়। বুকিং ছাড়া জাহাজ পার হতে গড়ে পাঁচ দিন অপেক্ষা করতে হয়। তবে শেষ মুহূর্তে অর্থের বিনিময়ে খাল পার হওয়ার জন্য নিলামের ব্যবস্থাও রয়েছে। খাল কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিলামে গড় দাম ছিল প্রায় ৫৫ হাজার ডলার।

এর আগে এপ্রিলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী একটি জাহাজ লাইনে অপেক্ষা এড়িয়ে দ্রুত খাল পার হওয়ার জন্য ৪০ লাখ ডলার দিয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ওই জাহাজটিকে দ্রুত পার হওয়ার প্রয়োজন হয়েছিল। বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের পাঁচ শতাংশ এই নৌপথ দিয়ে সম্পন্ন হয়। এল নিনোর প্রভাবে ৩ সেপ্টেম্বর থেকে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা ৩৬ থেকে কমিয়ে ৩৪ করা হবে এবং সেপ্টেম্বরের পরবর্তী সময়ে তা আরও কমিয়ে ৩২ করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন