চার বছর পর ঢাকায় ফিরছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

প্রকাশ:

সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে আবারও বাংলাদেশের মঞ্চে সরাসরি সংগীত পরিবেশন করতে প্রস্তুত এই তারকা। ‘ইমেকার্স বাংলাদেশ’-এর আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় একটি মেগা কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই আগমনের কথা জানিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছেন তিনি।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে নকিয়া জি২১-এর উদ্বোধনী কনসার্টে আইসিসিবির মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করেছিলেন ওটিলিয়া। সেই কনসার্টে তার গান ও পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল, যার রেশ এখনো ভক্তদের মনে রয়ে গেছে। সেই স্মৃতিকে পুঁজি করেই দ্বিতীয়বারের মতো ঢাকার দর্শকদের মাতাতে আসছেন রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া এই শিল্পী।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘বিলিয়নেরা’ গানটির মাধ্যমে বিশ্ব সংগীতাঙ্গনে রাতারাতি পরিচিতি পান ওটিলিয়া। আন্তর্জাতিক অঙ্গনে পপতারকা হিসেবে আত্মপ্রকাশ করা এই শিল্পীর জনপ্রিয় গানগুলোর তালিকায় এটি অন্যতম। ২৭ নভেম্বরের কনসার্টে তিনি কোন কোন জনপ্রিয় ট্র্যাকে পারফর্ম করবেন, তা নিয়ে এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

শেয়ার করুন