দেশের উদীয়মান কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং ভবিষ্যতে তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যায় এক বিশেষ পুষ্টি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং ‘দি কিউব ইনস্টিটিউট’ (The CUBE Institute)-এর পরিচালনায় এই আয়োজনটি সম্পন্ন হতে যাচ্ছে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় সেমিনারটি শুরু হবে। এতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুবুর রহমান বক্তব্য রাখবেন। সেমিনারে মূল বক্তা হিসেবে নির্দেশনামূলক বক্তব্য দেবেন পুষ্টিবিদ, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান, এম.ফিল।
আয়োজকরা জানান, এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো অ্যাথলেটদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে বৈজ্ঞানিক ও তাত্ত্বিক নির্দেশনা প্রদান করা। সেমিনারে কিশোর ক্রীড়াবিদদের স্ট্যামিনা ও পারফরম্যান্স বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস, স্পোর্টস নিউট্রিশন, সঠিক হাইড্রেশন নিশ্চিতকরণ, অনুশীলনের পূর্বে ও পরের খাদ্য নির্বাচন, রিকভারি নিউট্রিশন এবং চোট বা আঘাত প্রতিরোধের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। মূলত জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে অ্যাথলেটদের ফিট থাকার প্রয়োজনীয়তা ও উপায়গুলোই এই আয়োজনে গুরুত্ব পাবে।




