রাজধানীর হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ:

রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের ‘স্বপ্ন বিলাস’ ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৩১ জুলাই) সকালের দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বর পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে হোস্টেল মালিকের সহযোগিতায় রুমের দরজা ভেঙে সিলিংফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় পিংকির মরদেহ উদ্ধার করা হয়। মৃত পিংকির বয়স ১৯ বছর এবং তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। তিনি প্রফুল্ল বিশ্বাসের মেয়ে ছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই রুমে মোট তিনজন ছাত্রী থাকতেন, যার মধ্যে দুইজন ছুটিতে বাড়িতে থাকায় পিংকি একাই ছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই লিজা আক্তার আরও বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্যে কোনো প্রেমঘটিত কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন