উত্তর কোরিয়া বৃহস্পতিবার জাপান সাগরের দিকে একযোগে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উপকূলীয় এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বর্তমানে এই ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নপথ ও পাল্লাসহ অন্যান্য কারিগরি তথ্য বিশদভাবে বিশ্লেষণ করছে। একই সাথে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে কি না, তা নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় নজরদারি চালানো হচ্ছে। উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান নিজেদের মধ্যে ক্ষেপণাস্ত্রসংক্রান্ত তথ্য আদান-প্রদান শুরু করেছে। এর আগে গত ১২ আগস্ট পিয়ংইয়ং সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’-এর ঠিক পরপরই ঘটল। মহড়াটির সময়সীমা ও পরিসর কমিয়ে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং আগেই জানিয়েছিলেন যে, মহড়ার সময়সীমা কমানোকে পিয়ংইয়ং গুরুত্ব দিচ্ছে না। তার মতে, মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনা হলেও এর ‘আগ্রাসী ও উসকানিমূলক’ চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।





