সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মুখ্য সচিব জানান, গত ১১ বছর নতুন পে-স্কেল না হওয়ার কারণে দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বর্তমানে মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন। তিনি বলেন, জনগণের জন্য বিষয়টি কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে।
দেশের সামগ্রিক অর্থনৈতিক সংকট মোকাবিলাকে সরকার বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বি এম আব্দুস সাত্তার আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং আগের সরকারের কোনো বিকল্প ব্যবস্থা না রাখার ফলে দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।
এছাড়া, মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও তিনি উল্লেখ করেন।





