সাগরে নতুন লঘুচাপের শঙ্কা, বাড়বে বৃষ্টির প্রবণতা

প্রকাশ:

রোদঝলমলে আবহাওয়া কাটিয়ে বুধবার মেঘলা আকাশের দেখা মিলেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টার দিকে সাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার তীব্রতা বিকেলের দিকে বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপটি সৃষ্টির পর বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে গত সপ্তাহের মতো এবার বৃষ্টির তীব্র তাণ্ডব দেখার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ওমর ফারুকের ভাষ্যমতে, লঘুচাপ সৃষ্টি হওয়ার পর বৃষ্টি হতে কিছুটা সময় লাগে। এবার বৃষ্টির পরিমাণ গতবারের তুলনায় কম হবে এবং তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

চলতি মাসের ৫ তারিখ থেকে সাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম অঞ্চল থেকে শুরু হওয়া এই বৃষ্টি পরে সিলেটসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ৫ থেকে ১২ তারিখের মধ্যেই এ মাসের মোট বৃষ্টির প্রায় ৭৯ শতাংশ হয়ে গেছে।

বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা রয়েছে এবং সকালের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে বিকেলের দিকে। নতুন করে বৃষ্টি শুরু হলে তা দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়ে পরবর্তীতে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, গত কয়েক দিনে বৃষ্টির পরিমাণ কম থাকায় দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং গরমের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি, যা আগের দিন ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে নতুন পূর্বাভাসে বলা হয়েছে, আজ তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই। বুধবার সকাল সাতটায় দেওয়া পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসেও ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন