বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়ায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা প্রদান করা হয়। দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এই সার্কুলারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, 'এ-৩' ক্যাটাগরি ও অন্যান্য কর্মসংস্থান ভিসা নিয়ে বাংলাদেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার সুযোগ থাকবে। তবে এর জন্য তাদের ওয়ার্ক পারমিট অবশ্যই হালনাগাদ থাকতে হবে। ব্যাংকগুলোকে গ্রাহকের ওয়ার্ক পারমিটের বৈধতা নিশ্চিত করার পাশাপাশি প্রচলিত 'কেওয়াইসি' (KYC) বিধি যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন ও ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। এই উদ্দেশ্য পূরণে তাদের ব্যাংক হিসাব থাকা জরুরি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট গ্রহণ এবং নির্ধারিত মেয়াদ শেষে তা নবায়ন করা বিদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক।
এর আগে গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের সূত্র উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ওয়ার্ক পারমিটে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্ত উল্লেখ থাকে। তাই বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার কোনো সুযোগ দেওয়া যাবে না বলে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।





