২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ

প্রকাশ:

নেপালে গত ২৬ আগস্ট আঘাত হানা বিধ্বংসী বন্যার পর ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২৬ আগস্ট ২০২৬ তারিখে নেপালে যে আকস্মিক বন্যা আঘাত হানে, তাতে প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন গভীর শোকের মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সহানুভূতি প্রকাশ করেছেন, তার জন্য বালেন্দ্র শাহ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০ লাখ মার্কিন ডলার প্রদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে নেপালের প্রধানমন্ত্রী বলেন, এই উদার সহায়তা নেপালের জনগণের ঘুরে দাঁড়াতে এবং নতুন করে জীবন গড়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া, বাংলাদেশের জাতীয় সংসদে এই বন্যা নিয়ে শোক প্রস্তাব গ্রহণ করার উদ্যোগের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেপালের প্রধানমন্ত্রী জানান, এই আবেগঘন উদ্যোগ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি সংহতি ও সহমর্মিতার বহিঃপ্রকাশ। তিনি বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, বরং শক্তিশালী সম্পর্কের বন্ধনে আবদ্ধ এক প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রতিকূলতার সময়ে বাংলাদেশের এই সহযোগিতা নেপালের জনগণের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন